সকাল সন্ধ্যার মাসনুন আমল

সকাল-সন্ধ্যার মাসনুন আমল কেন গুরুত্বপূর্ণ, কোন কোন দোয়া ও জিকির পড়তে হয়, তাদের ফজিলত কী, এবং ব্যস্ত জীবনে কীভাবে নিয়মিত এই আমল ধরে রাখা যায়, তা সহজভাবে তুলে ধরা হয়েছে এই গাইডে।

সকাল সন্ধ্যার আমলের গুরুত্ব

মানুষের প্রতিদিনের জীবন নানা বিপদ, দুঃশ্চিন্তা, শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার পরীক্ষায় ঘেরা। ইসলাম আমাদের শিখিয়েছে দিনের শুরু ও শেষটা যেন আল্লাহর স্মরণে হয়। এজন্য রয়েছে কিছু নির্দিষ্ট আমল, যেগুলো সকাল-সন্ধ্যায় পড়া সুন্নাত এবং জীবনকে করে তোলে বরকতময়, প্রশান্ত ও নিরাপদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, “তুমি তোমার রবের নাম সকাল-সন্ধ্যায় স্মরণ করো।” (সুরা দাহ্‌র, আয়াত: ২৫)

এ থেকে বোঝা যায়, প্রতিদিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকির করা মু’মিন জীবনের অপরিহার্য অংশ। 

সকালের আমল কী কী

নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে সকালবেলার বিশেষ কিছু আমলের কথা বলেছেন, যা পালন করলে সারাদিন কল্যাণ ও বরকতে ভরা থাকে।

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পড়া

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত, নবী (সা.) বলেন- ‘যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কিছু কেউ উপস্থাপন করতে পারবে না, তবে যে ব্যক্তি তার চেয়েও বেশি আমল করবে।’ (মুসলিম, ২৬৯২)

ঘুম থেকে ওঠার দোয়া পড়া

দোয়াটি হলো,

الْحَمْدُ للَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ

‘আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’ (বুখারি, হাদিস : ৬৩২৪)

অর্থ : ‘হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সকাল হল এবং তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হয়, তোমারই হুকুমে আমরা জীবিত থাকি, তোমারই হুকুমে আমরা মৃত্যু বরণ করব এবং তোমারই দিকে আমাদের পুনর্জীবন।

সুরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত  

হাদিসে এসেছে- ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে ‘সুরা ইখলাস’, ‘সুরা ফালাক’ ও ‘সুরা নাস’ পড়বে, এটি তার সবকিছুর জন্য যথেষ্ট হবে।’ (তিরমিজি, ৩/১৮২)

আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া 

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- ‘যদি কেউ সন্ধ্যায় বলে ‘আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক’, তাহলে সে রাতে কোনো বিপদে পড়বে না।’ (মুসলিম, ২৭০৯)

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা 

নবী (সা.) বলেন- ‘প্রতিদিন ১০০ বার ‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’ বললে, তার গুনাহ ক্ষমা করা হবে।’ (বুখারি, ৬৩০৭; মুসলিম, ২৭০২)

ফজরের পর বিশেষ দোয়া পাঠ  

ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে বলা হয়েছে- ‘اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً’ 

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন ওয়া রিযকান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান।  

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবন মাজাহ, ৯২৫)

কুফর, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া 

 

হাদিসে এসেছে- ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাকে নিরাপদ রাখবেন।’ (আবু দাউদ, ৫০৯২)

হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া পাঠ  

এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করে দেন। (আবু দাউদ)  

সকালবেলা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয়। হাদিস অনুযায়ী, নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা সম্ভব।

সন্ধ্যার আমল কী কী

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ ১০০বার পড়া

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’

অর্থ : ‘আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর প্রশংসার সাথে।’ (বুখারি ৬৪০৫, মুসলিম ২৬৯২, মিশকাত ২২৯৬-২২৯৭)

দোয়া পড়া 

আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, ওয়ালহামদু লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। রাব্বি আসআলুকা খাইরা মা ফি হাজিহিল লাইলাতি ওয়া খাইরা মা বাদাহা, ওয়া আউজুবিকা মিন শারি মা ফি হাজিহিল লাইলাতি ওয়া শারি মা বাদাহা, রাব্বি আউজুবিকা মিনাল কাসালি ওয়া সুয়িল কিবারি, রাব্বি আউযু বিকা মিন আজাবিন ফিন্নারি ওয়া আজাবিন ফিল ক্বাবরি।’

অর্থ : ‘আমরা এবং সারা রাজ্য আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হলাম। আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তারই জন্য যাবতীয় প্রশংসা, এবং তিনি সকল বস্তুর উপর সর্বশক্তিমান। হে আমার প্রভু! আমি তোমার কাছে এই রাতে যে কল্যাণ নিহিত আছে তা এবং তার পরেও যে কল্যাণ আছে তাও প্রার্থনা করছি। আর আমি তোমার কাছে এই রাতে যে অকল্যাণ আছে তা এবং তারপরেও যে অকল্যাণ আছে তা থেকে আশ্রয় চাচ্ছি। হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে অলসতা এবং বার্ধক্যের মন্দ হতে পানাহ চাচ্ছি। হে আমার প্রভু! আমি তোমার কাছে জাহান্নামের এবং কবরের সকল প্রকার আজাব থেকে আশ্রয় চাচ্ছি।’

এই দোয়াটি সন্ধ্যার সময় পাঠ করতে হয়। সকাল বেলায়ও এই দোয়াটি পাঠ করতে হয়। তবে সকাল বেলা পড়ার সময় শুরুতে ‘আমসাইনা ওয়া আমসাল’ এর পরিবর্তে ‘আসবাহনা ওয়া আসবাহাল’ বলতে হবে। এটি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পাঠ করতেন। (মুসলিম ২৭২৩)

তিন কুল পড়া

সুরা ‘কুল হুওয়াল্লাহু আহাদ’, ‘কুল আউজু বিরাব্বিল ফালাক ‘ এবং ‘কুল আউজু বিরাব্বিন্নাস’ সকাল সন্ধ্যায় তিনবার করে তেলাওয়াত করা। যা প্রত্যেক জিনিসের মন্দ/অনিষ্ট থেকে যথেষ্ট হবে।’ (আবু দাউদ, তিরমিজি)

সন্ধ্যার দোয়া পড়া

আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহয়্যা ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির।

অর্থ : ‘হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হল এবং তোমারই হুকুমে আমাদের সকাল। তোমারই হুকুমে আমরা জীবিত থাকি, তোমারই হুকুমে আমরা মৃত্যুবরণ করব এবং তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তনস্থল।

সাইয়্যেদুল ইস্তেগফার পড়া

‘আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বাতু, আউজুবিকা মিন শারি মা সানাতু, আবুউ লাকা বি-নিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজামবী ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়্যাগফিরুজ জুনুবা ইল্লা আন্তা।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত আছি। আমি যা করেছি, তার মন্দ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর তোমার যে সম্পদ রয়েছে, তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, যেহেতু তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না।’

ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ সন্ধ্যা বেলায় পড়ে ঐ রাতে মারা যায় অথবা সকাল বেলায় পড়ে ঐ দিনে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি ৬৩২৩)

ক্ষতি থেকে রক্ষার দোয়া 

‘বিসমিল্লাহিল্লাজি লা য়্যাদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়াহুওয়াস সামিউল আলিম।’

অর্থ : ‘আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবী ও আকাশের কোন জিনিস ক্ষতি সাধন করতে পারে না এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞাতা।

এই দোয়াটি সন্ধ্যাকালে ৩ বার করে পাঠ করলে কোন জিনিস ক্ষতি সাধন করতে পারে না। (তিরমিজি ৩৩৮৮)

সাপ, বিচ্ছু থেকে রক্ষার দোয়া 

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিনশারি মা খালাকা।

অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর অসিলায় তিনি যা সৃষ্টি করেছেন, তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’

এই দোয়াটি সন্ধ্যার সময় পড়লে ঐ রাতে কোনো সাপ-বিচ্ছু ইত্যাদি কষ্ট দিতে পারে না। (মেশকাত ২৪২২, তিরমিজি ৩৪৩৭)

আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া 

“আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আ-ফিয়াতা ফিদদুনয়্যা ওয়াল আ-খিরাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আ-ফিয়াতা ফি দ্বীনী ওয়া দুনয়্যা-য়্যা ওয়া আহলি ওয়া মা-লী, আল্লাহুম্মাসতুর আওরা-তী ওয়া আমিন রাওআ-তী, আল্লাহুম্মাহফাজনী মিম বাইনি ইয়্যাদাইয়্যা অমিন খালফী ওয়া আঁই ইয়্যামীনী ওয়া আন শিমালী ওয়া মিন ফাউক্বী, ওয়া আউজু বিআজমাতিকা আন উগতা-লা মিন তাহতী।” 

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট ইহকালে ও পরকালে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আমার ধর্ম ও পার্থিব জীবনে এবং পরিবার ও সম্পদে ক্ষমা ও নিরাপত্তা ভিক্ষা করছি। হে আল্লাহ! তুমি আমার লজ্জাকর বিষয়সমূহ গোপন করে নাও এবং আমার ভীতিতে নিরাপত্তা দাও। হে আল্লাহ! তুমি আমাকে আমার সম্মুখ ও পশ্চাৎ, ডান ও বাম এবং উপর থেকে রক্ষণাবেক্ষণ কর। আর আমি তোমার মাহাত্মের অসিলায় আমার নিচে ভূমিধ্বস থেকে আশ্রয় প্রার্থনা করছি।’

প্রত্যেক সন্ধ্যায় আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি পড়তেন।’ (মেশকাত ২৩৯৭, আবু দাউদ ৫০৭৪)

কৃতজ্ঞতা প্রকাশের দোয়া

“ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিস, আসলিহ লী শানী কুল্লাহ, ওয়া লা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা আইন।” 

অর্থ : হে চিরঞ্জীব! হে অবিনশ্বর। আমি তোমার করুণার অসিলায় ফরিয়াদ করছি। তুমি আমার সকল বিষয়কে সংশোধন করে দাও। আর চোখের এক পলক বরাবরও আমাকে আমার নিজের ওপর সোপর্দ করে দিও না।’ (নাসাঈ, বাযযার সহীহ তারগীব ১/২৭৩, ৬৫৪)

সকাল-সন্ধ্যা আয়াতুল কুরসি পড়া 

“আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তাঅ খুযুহু সিনাতুঁও ওয়া লা নাওম। লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি। মাং জাল্লাজি ইয়াশফাউ ইংদাহু ইল্লা বি-ইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম্ মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিইয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল ‘আলিয়্যুল আজিম।”

অর্থ : (তিনিই) আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। সবই তাঁর, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে। কে আছ এমন- যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? (চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানের সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না, কিন্তু ‘হ্যাঁ’, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে তাঁর সিংহাসন। আর সেগুলোকে ধারণ (নিয়ন্ত্রণ) করা তাঁর জন্য কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।’ (তারগীব ৬৫৫)

ব্যস্ত জীবনে এই আমল ধরে রাখার উপায়

নির্দিষ্ট সময় ঠিক করা

ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর আমল করার অভ্যাস করুন। নির্দিষ্ট সময় থাকলে নিয়ম ধরে রাখা সহজ হয়।

ছোট তালিকা বানানো

খুব বেশি আমল একসাথে না নিয়ে ৪-৫টা ছোট আমল ঠিক করুন। যেমন: আয়াতুল কুরসি, তিন কুল, কয়েকটি দোয়া।

ফোনে রিমাইন্ডার দেওয়া

মোবাইলে রিমাইন্ডার বা অ্যালার্ম সেট করলে ব্যস্ততার মাঝেও দোয়া পড়ার কথা মনে পড়ে যাবে।

অ্যাপ বা ট্র্যাকার ব্যবহার করা

“আমার দ্বীন” অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই প্রতিদিনের আমল ট্র্যাক করতে পারবেন। 

ছোট থেকে শুরু করা

ছোট ছোট দোয়া দিয়ে শুরু করুন। অল্প আমল নিয়মিত করলে সেটাই অভ্যাস হয়ে যাবে।

পরিবারের সাথে করা

পরিবারের কেউ সাথে থাকলে একে অপরকে মনে করিয়ে দেওয়া সহজ হয়।

যেকোনো জায়গায় পড়া

সময় কম থাকলে হাঁটতে হাঁটতে বা কাজের ফাঁকে ছোট দোয়া পড়া যায়।

অডিও শুনে পড়া

সময় না থাকলে যাতায়াতের সময় সকাল-সন্ধ্যার দোয়ার অডিও শুনতে পারেন।

যাতায়াতের সময় ব্যবহার করা

বাসে/রিকশায় বসে থাকলেও অনেক ছোট দোয়া বা জিকির পড়া যায়।

ছোট কার্ড/নোট রাখা

দোয়া বা আমলের ছোট তালিকা ফোনে বা কাগজে লিখে রাখলে দ্রুত দেখে পড়া যায়।

সাধারণ ভুল ও করণীয়

ভুল: নিয়মিত ধরে রাখতে না পারা

কিছুদিন আমল করা হয়, আবার ব্যস্ততায় বন্ধ হয়ে যায়।

করণীয়: ফজরের পর ও মাগরিবের পর নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন একই সময়ে করলে সহজে অভ্যাস হয়ে যায়।

ভুল: শুরুতেই অনেক আমল নেওয়া

অনেকে একসাথে অনেক দোয়া ও জিকির শুরু করেন, পরে ধরে রাখা কঠিন হয়ে যায়।

করণীয়: অল্প কয়েকটি আমল দিয়ে শুরু করুন। যেমন আয়াতুল কুরসি, তিন কুল, কয়েকটি ছোট দোয়া।

ভুল: তাড়াহুড়া করে পড়া

দ্রুত শেষ করার জন্য অনেকে তাড়াহুড়ো করে দোয়া বা জিকির করে থাকে। এতে করে মনযোগী হওয়া যায় না, দোয়া পড়ার আসল উদ্দেশ্য নষ্ট হয়। 

করণীয়: ধীরে ও মন দিয়ে পড়ার চেষ্টা করুন।

ভুল: অর্থ না জেনে পড়া

দোয়ার অর্থ না জানলে অনেক সময় গুরুত্ব অনুভব করা যায় না।

করণীয়: দোয়ার সহজ অর্থ জেনে পড়লে মনোযোগ ও আগ্রহ বাড়ে।

ভুল: শুধু বিশেষ সময়ে গুরুত্ব দেওয়া

অনেকে শুধু রমজান বা বিশেষ দিনে বেশি বেশি দোয়া পড়ে, অথচ অন্য সময় গুরুত্ব দেয় না।

করণীয়: সকাল-সন্ধ্যার আমলকে প্রতিদিনের ছোট একটি অভ্যাস বানিয়ে ফেলুন। এই কাজটি আরও সহজে করতে সাথে রাখুন “আমার দ্বীন” অ্যাপ। 

ভুল: একদিন মিস হলে ছেড়ে দেওয়া

একদিন দোয়া পড়তে ভুলে গেলে অনেকে হতাশ হয়ে পড়া বাদ দিয়ে দেয়। 

করণীয়: একদিন মিস হলেও হতাশ না হয়ে পরের দিন আবার শুরু করুন।

FAQ

প্রশ্নঃ সকাল ও সন্ধ্যার আমল কখন পড়তে হয়?

উত্তরঃ সাধারণভাবে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে সকাল বলা হয়। আর আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় সন্ধ্যার আমলের জন্য উত্তম।

প্রশ্নঃ যদি নির্দিষ্ট সময়ে পড়া না হয় তাহলে কি পরে পড়া যাবে?

উত্তরঃ হ্যাঁ, নির্দিষ্ট সময় মিস হলে পরে পড়া যেতে পারে। 

প্রশ্নঃ খুব ব্যস্ত হলে কি সংক্ষেপে আমল করা যাবে?

উত্তরঃ অবশ্যই। সময় কম থাকলে কিছু গুরুত্বপূর্ণ আমল পড়তে পারেন, যেমন- আয়াতুল কুরসি ও তিন কুল।

প্রশ্নঃ সকাল-সন্ধ্যার আমল কি প্রতিদিন করা জরুরি?

উত্তরঃ হ্যাঁ, এগুলো নিয়মিত পড়লে আল্লাহর স্মরণে থাকা সহজ হয় এবং সওয়াব পাওয়া যায়।

প্রশ্নঃ মোবাইল দেখে দোয়া পড়া যাবে কি?

উত্তরঃ হ্যাঁ, মোবাইল বা অ্যাপ দেখে পড়া যাবে।

প্রশ্নঃ সব দোয়া মুখস্থ থাকা কি জরুরি?

উত্তরঃ না, মুখস্থ না থাকলেও সমস্যা নেই। দেখে দেখে পড়লেও আমল করা যায়।

প্রশ্নঃ অল্প আমল করলে কি উপকার পাওয়া যাবে?

উত্তরঃ হ্যাঁ, অল্প হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে অনেক প্রিয়।

প্রশ্নঃ সকাল-সন্ধ্যার আমল কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃ এই আমলগুলো আল্লাহকে স্মরণে রাখতে সাহায্য করে এবং অনেক হাদিসে এগুলোর ফজিলত বলা হয়েছে।

প্রশ্নঃ সকাল-সন্ধ্যার আমল করতে কত সময় লাগতে পারে?

উত্তরঃ সাধারণভাবে ৫-১০ মিনিট সময় দিলেই অনেক আমল করা যায়।

প্রশ্নঃ শিশুদের কি সকাল-সন্ধ্যার আমল শেখানো উচিত?

উত্তরঃ হ্যাঁ, ছোটবেলা থেকেই শেখালে এটি ভালো অভ্যাসে পরিনত হয়।

প্রশ্নঃ দোয়ার শুধু আরবি পড়লেই হবে, নাকি অর্থ বোঝাও দরকার?

উত্তরঃ আরবি পড়াই মূল, তবে অর্থ বুঝে পড়লে মনোযোগ ও অনুভূতি বাড়ে।

প্রশ্নঃ যদি কোনো দিন ভুলে যাই তাহলে কি করবো?

উত্তরঃ কোনো সমস্যা নেই। যখন মনে পড়বে তখন পড়ে নিতে পারেন এবং পরের দিন আবার নিয়ম ধরে রাখার চেষ্টা করুন।

প্রশ্নঃ সব দোয়া কি একদিনেই পড়া জরুরি?

উত্তরঃ না, আপনার সময় অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ দোয়া নিয়মিত পড়লেও ভালো।