সহজ নামাজ শিক্ষা ও সঠিকভাবে নামাজ আদায়ের উপায়

নামাজ শুরুর আগে কী কী প্রস্তুতি দরকার, নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নত কী, দুই-তিন-চার রাকাত নামাজের নিয়ম কী, সালামের পর কী পড়তে হয়, এবং নামাজে সাধারণ ভুলগুলো কীভাবে সংশোধন করবেন, তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে এই পূর্ণাঙ্গ গাইডে।

নামাজের আগে যে প্রস্তুতি দরকার 

নামাজ পড়া আল্লাহর নির্দেশ। ইসলামের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় রুকন। যা প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষ ও নারীর জন্য আদায় করা ফরজ। নামাজ শুরু করার পূর্বে রয়েছে সাতটি ফরজ কাজ।

পবিত্রতা অর্জন : সমূদয় অপবিত্রতা থেকে শরীর পবিত্র হওয়া। আল্লাহ বলেন- “তোমরা অপবিত্র হলে পাক সাফ হয়ে যাও।” (সুরা মায়িদা : আয়াত ৬)

পোশাক পবিত্র হওয়া : নামাজের পরিধেয় জামা, পাজামা, টুপিসহ যে সব পোশাক পরিধানে থাকবে তা পবিত্র হওয়া আবশ্যক। অপবিত্র হলে নামাজ হবে না। আল্লাহ বলেন- “তোমার পোশাক পবিত্র কর।” (সুরা মুদ্‌দাসসির : আয়াত ৪)

স্থান পবিত্র হওয়া : নামাজি ব্যক্তি যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়বে, যেখানে হাঁটু ও হাত রেখে সিজদা করবে এসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে।

আওরাতে সতর : পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দু’হাতের কবজি, পাদ্বয় এবং মুখমণ্ডল ব্যতিত সমস্ত দেহ ঢেকে রাখা ফরজ। আল্লাহ বলেন- “হে বনি আদম! প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সাজসজ্জা/পরিচ্ছদ পরিধান করে নাও।” (সুরা আরাফ : আয়াত ৩১)

সময়মতো নামাজ পড়া : প্রত্যেক ওয়াক্তের সময়ে ঐ নামাজ আদায় করা। আল্লাহ বলেন- “নির্ধারিত সময়ে নামাজ কায়ম করা ঈমানদারের জন্য আবশ্যক।” (সুরা নিসা : আয়াত ১০৩)

কিবলামুখী হওয়া : নামাজি ব্যক্তি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবে। আল্লাহ বলেন- “তোমরা (নামাজের সময়) কা`বার দিকে মুখ কর।” (সুরা বাক্বারা : আয়াত ১৫০)

নিয়ত করা : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আমলের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি)

উপরোক্ত কাজগুলো অবশ্যই করতে হবে। যা বান্দার জন্য ফরজ বা আবশ্যক।

নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নত সংক্ষেপে

নামাজের ফরজসমূহ

আহকাম ও আরকান মিলিয়ে নামাজের ফরজ মোট ১৩টি। নামাজ শুরু হওয়ার আগে বাইরে যেসব কাজ ফরজ, সেগুলোকে নামাজের আহকাম বলা হয়। 

নামাজের আহকাম ৭টি।

শরীর পাক হওয়াঃ  এ জন্য অজুর দরকার হলে অজু বা তায়াম্মুম করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল বা তায়াম্মুম করতে হবে। এ প্রসঙ্গে কুরআনে আল্লাহ বলেনঃ

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ

হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)।  (সূরা মায়েদাঃ ৬)

কাপড় পাক হওয়াঃ  পরনের জামা, পায়জামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পাক পবিত্র হওয়া।এ প্রসঙ্গে আল্লাহ বলেনঃ وَثِيَابَكَ فَطَهِّرْ আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।(সূরা মুদ্দাসসিরঃ ৪)

নামাজের জায়গা পাক হওয়াঃ  অর্থাৎ নামাজির দু’পা, দু’হাঁটু,দু’হাত ও সিজদার স্থান পাক হওয়া।

সতর বা শরীর ঢাকাঃ  পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দু’হাতের কব্জি,পদদ্বয় এবং মুখমন্ডল ব্যতীত সমস্ত দেহ ঢেকে রাখা। এ প্রসঙ্গে আল্লাহ বলেনঃ

يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ

অর্থঃ হে বনী আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশ-ভূষা গ্রহণ কর।  (সূরা আরাফঃ৩১)

কিবলামুখী হওয়াঃ  কিবলা মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়া।এ প্রসঙ্গে আল্লাহ বলেনঃ

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُ

আর তুমি যেখান থেকেই বের হও, তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক, তার দিকে তোমাদের চেহারা ফিরাও।  (সূরা বাকারাঃ ১৫০)

ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াঃ  প্রত্যেক ওয়াক্তের নামাজ সময়মতো আদায় করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ বলেনঃإِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয।  (সূরা নিসাঃ১০৩)

নামাজের নিয়ত করাঃ  নামাজ আদায়ের জন্য সেই ওয়াক্তের নামাজের নিয়্যাত করা আবশ্যক। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ إنما الأعمال بالنية , নিশ্চই আমলের গ্রহণযোগ্যতা নিয়্যাতের ওপর নির্ভরশীল। (বুখারী,হাদিস-১)

নামাজ শুরু করার পর নামাজের ভেতরে যেসব কাজ ফরজ, সেগুলোকে নামাজের আরকান বলা হয়।

নামাজের আরকান ৬টি।

তাকবিরে-তাহরিমা বলাঃ  অর্থাৎ আল্লাহর বড়ত্বসূচক শব্দ দিয়ে নামাজ আরম্ভ করা। তবে ‘আল্লাহু আকবর’ বলে  নামাজ আরম্ভ করা সুন্নাত। এ প্রসঙ্গে আল্লাহ বলেনঃ وَرَبَّكَ فَكَبِّرْআর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।  (সূরা মুদ্দাসসিরঃ৩)

দাঁড়িয়ে নামাজ পড়াঃ  মানে কিয়াম করা। আল্লাহ বলেনঃ حَٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَٰنِتِينَ

তোমরা সলাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাযত কর এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে।  (সূরা বাকারাঃ ২৩৮)

ক্বেরাত পড়াঃ  চার রাকাতনিশিষ্ট ফরজ নামাজের প্রথম দু’রাকাত এবং ওয়াজিব,সুন্নাত,নফল নামাজের সকল রাকাতে ক্বিরাত পড়া ফরজ। আল্লাহ বলেনঃ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنَ ٱلْقُرْءَانِ

অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়।  (সূরা মুযাম্মিল,আয়াতঃ ২০)

রুকু করাঃ  প্রতিটি নামাজের প্রত্যেক রাকাতে রুকু করা ফরজ।এ প্রসঙ্গে আল্লাহ বলেন,

وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱرْكَعُوا۟ مَعَ ٱلرَّٰكِعِينَ

অর্থঃআর তোমরা সলাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর।  (সূরা বাকারাঃ৪৩)

সিজদা করাঃ  নামাজের প্রত্যেক রাকাতে সিজদা করা ফরজ।আল্লাহ তাআলা বলেন,

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱرْكَعُوا۟ وَٱسْجُدُوا۟ وَٱعْبُدُوا۟ رَبَّكُمْ وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩

অর্থঃ হে মুমিনগণ, তোমরা রুকূ’ কর, সিজদা কর, তোমাদের রবের ইবাদাত কর এবং ভাল কাজ কর, আশা করা যায় তোমরা সফল হতে পারবে।  (সূরা হজ্জঃ৭৭)

শেষ বৈঠক করাঃ  নামাজের শেষ রাকাতে সিজদার পর তাশহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসা।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

ثُمَّ اجْلِسْ فَاطْمَئِنَّ جَالِسًا ثُمَّ قُمْ فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلاَتُكَ

অর্থ, “অতঃপর ধীর স্থিরভাবে উঠে বসবে। পরে উঠে দাঁড়াবে। এইরূপ করতে পারলে তবে তোমার সালাত পূর্ণ হবে।

নামাজের ওয়াজিবসমূহঃ

ওয়াজিব অর্থ হলো আবাশ্যক। নামাজের মধ্যে কিছু বিষয় আছে অবশ্য করণীয়। তবে তা ফরজ নয়, আবার সুন্নাতও নয়। যা ভুলক্রমে ছুটে গেলে সিজদায়ে সাহু দিতে হয়।আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাযের ওয়াজিব মোট ১৪টি।

সূরা ফাতিহা পাঠ করাঃ  ফরয নামাজের প্রথম দু’ রাক‘আতে এবং সকল প্রকার নামাজের প্রত্যেক রাকা‘আতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। ফরয, ওয়াজিব, সুন্নাত ও নফল সব ধরণের নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটাই ইমাম আবু হানিফা (রহতুল্লাহ আলাই) এর অভিমত। তবে ইমাম শাফেয়ী (রহমতুল্লাহ আলাই)এটাকে ফরয হিসেবে সাব্যস্ত করেছেন। তাঁর দলিল-

لاً صَلاَة لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَا تِحَةِ الْكِتاَبِ

“যে নামাজে ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি”  (বুখারী)

সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোঃ  ফরয নামাজ সমূহের প্রথম দু’রাক’আতে সূরা ফাতিহার সাথে যেকোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়া কমপক্ষে বড় এক আয়াত বা ছোট তিন আয়াত পাঠ করা আবশ্যক।

তারতীব মত নামায আদায় করাঃ  তারতীব অনুযায়ী নামাজ অর্থাৎ নামাজে যে সকল কাজ বারবার আসে ঐ কাজগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব। যেমন রুকু, ও সিজদা যা নামাজের প্রতি রাক’আতে বারবার আসে। কিরা’আত পাঠ শেষ করে রুকু’ এবং রুকু শেষ করে উঠে সিজদা  করতে হবে। এর ব্যতিক্রম হলে নামাজ নষ্ট হবে এবং নতুন করে নামাজ আদায় করতে হবে।

প্রথম বৈঠকঃ  চার রাকা’আত ও তিন রাকা’আত বিশিষ্ট নামাজে দু রাকা’আত শেষ করে আত্তাহিয়্যাতু পাঠ করতে যতটুকু সময় লাগে, সে পরিমাণ সময় পর্যন্ত বসে থাকা ওয়াজিব।

 আত্তাহিয়্যাতু পাঠ করাঃ  নামাজের উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পাঠ করা ওয়াজিব। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস থেকে জানতে পারি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, তুমি আত্তাহিয়্যাতু পড়। সুতরাং আলোচ্য হাদীসটিই প্রথম ও শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পাঠ করা ওয়াজিব সাব্যস্ত করে।

প্রকাশ্য কিরা’আত পাঠ করাঃ  যে সকল নামাজে প্রকাশ্য বা উচ্চঃস্বরে কিরা’আত পাঠ করার নির্দেশ রয়েছে সেগুলোতে প্রকাশ্য কিরা’আত পাঠ করা ওয়াজিব। যেমন-ফজর, মাগরিব, ইশা, জুমু‘আ’ দু’ঈদের নামায ও তারাবীর নামায। অবশ্য একাকী আদায় করলে কিরা’আত উচ্চঃস্বরে পাঠ করা আবশ্যক নয়।

 চুপিসারে কিরা‘আত পাঠ করাঃ নামাজে চুপে চুপে কিরা’আত পাঠ করার নির্দেশ রয়েছে সেসব নামাজে নীরবে বা চুপে চুপে কিরা’আত পাঠ করা ওয়াজিব। যেমন- যোহর ও আসরের নামাজ। 

তা’দীলে আরকান বা ধীরস্থিরভাবে নামাজ  আদায় করাঃ  নামাজের  সব কাজ ধীরে-সুস্থে করতে হবে। যেমন রুকু’ ও সিজদা নিশ্চিত ও প্রশান্ত মনে তাড়াহুড়া না করে ভালোভাবে আস্তে আস্তে আদায় করা ওয়াজিব।

 রুকু’থেকে সোজা হয়ে দাঁড়ানোঃ  অর্থাৎ রুকু’ শেষে সিজদা করার পূর্বে সোজা হয়ে দাঁড়ানো।

সিজদা থেকে সোজা হয়ে বসাঃ  দু’ সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব।

সালাম বলাঃ  নামাজ শেষে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলে নামাজ শেষ করা। ইমাম শাফেয়ী রাহমাতুল্লাহ আলাই এর মতে এটি ফরজ।

তারতীব ঠিক রাখাঃ  প্রত্যেক রাকা’আতের তারতীব বা ধারাবাহীকতা ঠিক রাখা অর্থাৎ আগের কাজ পেছনে এবং পেছনের কাজ আগে না করা।

 দু’আ কুনুত পাঠ করাঃ  বেতরের নামাজে দু’আ কুনুত পাঠ করা ওয়াজিব।

ঈদের নামাযে তাকবীরঃ  দুই ঈদের নামজে অতিরিক্ত ছয়টি তাকবীর বলা ওয়াজিব।

নামাজের সুন্নাত সমূহঃ

  • আজান ও ইকামত বলা।  (আদ্দুররুল মুখতার মাআ শামী-২/৪৮)
  • তাকবিরে তাহরিমার সময় উভয় হাত উঠানো।  (তানভীরুল আবসার মাআ শামী-২/১৮২)
  • হাত উঠানোর সময় আঙ্গুলগুলি স্বাভাবিক রাখা।  (ফাতাওয়া শামী-২/১৭১)
  • ইমামের জন্য তাকবীর গুলিউচ্চ স্বরে বলা।  (হিন্দিয়া-১/১৩০)
  • সানা পড়া।  (বাদায়েউস সানায়ে- ১/৪৭১)
  • আউযুবিল্লাহ পড়া।  (বাদায়েউস সানায়ে- ১/৪৭২)
  • বিসমিল্লাহ পড়া।  (বাদায়েউস সানায়ে- ১/৪৭৪)
  • উচ্চস্বরে আমীন না বলা।  (বাদায়েউস সানায়ে- ১/৪৭৩)
  • সানা,আউযুবিল্লাহ বিসমিল্লাহ,আমীন অনুচ্চস্বরে বলা।  (হিন্দিয়া-১৩১)
  • হাত বাধার সময় বাম হাতের উপর ডান হাত রাখা।  (হিন্দিয়া-১/১৩১)
  • পুরুষের জন্য নাভির নিচে,আর মহিলার জন্য বুকের উপর হাত বাঁধা।  (হিন্দিয়া-১/১৩০)
  •  এক রোকন থেকে অন্য রোকনে যাবার সময় “আল্লাহু আকবার” বলা।  (বাদায়েউস সানায়ে- ১/৪৮৩-৪৮৯)
  • একাকী নামাজ পাঠকারির জন্য রুকু থেকে উঠার সময় “সামিয়াল্লাহুলিমান হামিদা” ও “রব্বানা লাকাল হামদ” বলা। ইমামের জন্য শুধু “সামিয়া’ল্লাহু লিমান হামিদা” বলা আর মুক্তাদির জন্য শুধু “রব্বানা লাকাল হামদ” বলা।  (মারাকিল ফালাহ-২৭৮)
  • রুকুতে “সুবহানা রব্বিয়াল আযীম” বলা।  (বাদায়েউস সানায়ে- ১/৪৭৮)
  • সেজদায় বলা “সুবহানা রব্বিয়াল আ’লা”।  (বাদায়েউস সানায়ে- ১/৪৯৪)
  • রুকুতে উভয় হাটু আকড়ে ধরা।   (বাদায়েউস সানায়ে- ১/৪৮৭)
  •  রুকুতে পুরুষের জন্য উভয় হাতের আঙ্গুল ফাঁকা রাখা। আর মহিলার জন্য মিলিয়ে রাখা।  (শামী-২/১৭৩)
  • পুরুষের জন্য নামজে বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা ও ডান পা খাড়া রাখে আঙ্গুলগুলো কেব্লার দিক করে রাখা। আর মহিলার জন্য উভয় পা ডান দিকে বের করে জমিনের উপর বসা।  (বাদায়েউস সানায়ে-১/৪৯৬)
  • শেষ বৈঠকে তাশাহ্যুদের পর দুরুদ শরীফ পড়া।  (বাদায়েউস সানায়ে-১/৫০০)
  • দুরুদের পর দোয়া পড়া।   (হিন্দিয়া-১/১৩০)
  •  তাশাহ্যুদে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলার সময় শাহাদাত(তর্জনি) আঙ্গুল দ্বারা কেবলার দিকে ইশারা করা।   (বাদায়েউস সানায়ে-১/৫০১-৫০২)

দুই রাকাত নামাজের নিয়ম

নিয়ত: মনে মনে বা মুখে “আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করছি” বলে কিবলামুখী হয়ে দাঁড়ান ।

তাকবীরে তাহরিমা: আল্লাহু আকবার বলে কান বা কাঁধ পর্যন্ত হাত তুলে নাভির নিচে বা বুকের ওপর হাত বাঁধুন। 

প্রথম রাকাত: সানা পড়ে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা (যেমন- সূরা ইখলাস) পড়ুন। এরপর রুকু (আল্লাহু আকবার বলে) ও সেজদা (দুইবার) করুন।

দ্বিতীয় রাকাত: সরাসরি দাঁড়িয়ে (বসা ছাড়া) বিসমিল্লাহ পড়ুন, সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ুন। এরপর রুকু ও সেজদা করুন ।

শেষ বৈঠক: দ্বিতীয় সেজদার পর বসে তাশাহহুদ (আত্তাহিইয়াতু…), দরুদ শরীফ, এবং দোয়ায়ে মাসুরা (আল্লাহুম্মা ইন্নি জালামতু…) পড়ে প্রথমে ডানদিকে, এরপর বামদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন।

বিশেষ দ্রষ্টব্য: ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে শুধু সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হয়, কিন্তু সুন্নত বা নফল হলে প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো উত্তম।

দুই, তিন ও চার রাকাতের সংক্ষিপ্ত পার্থক্য

দুই রাকাত নামাজ (ফরজ, সুন্নাত, নফল): প্রথম ও দ্বিতীয় রাকাতের সিজদা শেষে বসে তাশাহহুদ, দুরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাতে হয়।

তিন রাকাত নামাজ (মাগরিবের  ফরজ): দ্বিতীয় রাকাতে বসে তাশাহহুদ পড়ে দাঁড়িয়ে যেতে হয় এবং তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকু-সিজদা করে শেষ বৈঠকে বসে সালাম ফিরাতে হয়।

চার রাকাত নামাজ (যোহর, আসর, এশা ফরজ): দ্বিতীয় রাকাতের পর তাশাহহুদ পড়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যেতে হয়, এবং তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। শেষ রাকাতে সব শেষ দোয়া পড়ে সালাম ফিরাতে হয়।

সালাম ফিরিয়ে কী পড়বেন

সালাম ফিরানোর পর সুন্নাত আমলসমূহ:

ইস্তিগফার: ৩ বার “আস্তাগফিরুল্লাহ” পড়া।

প্রধান দোয়া: “আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম” (অর্থ: হে আল্লাহ, আপনিই শান্তিময়, আপনার থেকেই শান্তি আসে, আপনি বরকতময়, হে মহিমাময় ও মহানুভব)।

তাসবীহ: ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া।

আয়াতুল কুরসি: প্রতি ফরয নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

অন্যান্য দুআ: রাসূলুল্লাহ (সা.) সালাম ফিরানোর পর বিভিন্ন দুআ ও যিকির করতেন, যেমন- “লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ দাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির”। 

বিশেষ দ্রষ্টব্য: সালাম ফিরানোর পর উচ্চস্বরে যিকির বা সম্মিলিত মোনাজাতের চেয়ে নীরবে ব্যক্তিগত যিকির ও দোয়া  করাই সুন্নাত সম্মত।

নামাজে সাধারণ ভুল ও সংশোধন

নামাজ একটি দৈনিক ইবাদত, প্রতিদিন পাঁচবার পড়তে হয়। এরপরও আমাদের অজান্তে নামাজে এমন কতগুলো ভুল হয়ে যায়, যা নামাজের গুণগত মান ও আধ্যাত্মিক উপকার কমিয়ে দেয়। নামাজে আন্তরিকতা বাড়াতে এ ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করা গুরুত্বপূর্ণ। 

ভুল নিয়ত

ভুল: অনেকে সঠিক নিয়ত ছাড়া নামাজ শুরু করেন। কখনো মনে মনে নিয়ত না করেই নামাজে দাঁড়ান।

সংশোধন: নামাজ শুরুর আগে হৃদয়ে স্পষ্ট নিয়ত করুন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন। নিয়ত মুখে বলার দরকার নেই, তবে মনে সচেতনভাবে নির্ধারণ করতে হবে। নবী (সা.) বলেছেন, ‘আমলে মূল্য নির্ভর করে নিয়তের ওপর।’ (সহিহ বুখারি, হাদিস: ১)

তাড়াহুড়া করা

ভুল: তাড়াহুড়া বা মনোযোগের অভাবে অনেকে নামাজের অঙ্গভঙ্গি দ্রুত করেন। ফলে রুকু, সিজদায় সঠিক অবস্থান বজায় থাকে না।

সংশোধন: প্রতিটি অঙ্গভঙ্গিতে সময় নিন। রুকুতে পিঠ সোজা রাখুন, হাঁটুতে হাত দৃঢ়ভাবে রাখুন। সিজদায় কপাল, নাক, হাতের তালু, হাঁটু ও পায়ের আঙুল মাটিতে রাখুন। নামাজ আল্লাহর সঙ্গে কথোপকথন। তাই প্রতিটি অবস্থানে মনোযোগ দিন। নবীজি (সা.) বলেছেন, ‘সবচেয়ে খারাপ চোর সে যে তার নামাজ থেকে চুরি করে।’ (মুসনাদে আহমদ, হাদিস: ২২,৬৮৬)

 ‘তাকবিরে তাহরিমা’ ভুল উচ্চারণ

ভুল: নামাজ শুরুর সময় ‘আল্লাহু আকবার’ দ্রুত বা মনোযোগ ছাড়া বলা অথবা হাত সঠিকভাবে না তোলা।

সংশোধন: তাকবিরে তাহরিমা বলার সময় উভয় হাত কাঁধ বা কানের সমান উঠিয়ে ‘আল্লাহু আকবার’ মনোযোগসহ বলুন। এটি নামাজের সূচনা এবং পুরো নামাজের সুর ও তাল নির্ধারণ করে দেয়।

 সুরা ফাতিহা ভুল পড়া

ভুল: সুরা ফাতিহার উচ্চারণ ভুল করা বা তাড়াহুড়া করে ‘মাদ’ (দীর্ঘ স্বর) সঠিকভাবে আদায় না করে পড়া।

সংশোধন: সুরা ফাতিহা নামাজের অপরিহার্য অংশ। সঠিক তাজবিদসহ পড়ুন ও শব্দের অর্থের প্রতি মনোযোগ দিন। নবীজি (সা.) বলেছেন, ‘যে নামাজে সুরা ফাতিহা পড়া হয় না, সে নামাজ অপূর্ণ।’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৯৪)

রুকু ও সিজদায় ভুল অবস্থান

ভুল: রুকুতে পিঠ সোজা না রাখা, সিজদায় কপাল মাটিতে পুরোপুরি না রাখা।

সংশোধন: রুকুতে পিঠ মাটির সমান্তরাল রাখুন, হাঁটুতে হাত দৃঢ়ভাবে রাখুন। সিজদায় কপাল, নাক, হাতের তালু, হাঁটু ও পায়ের আঙুল মাটিতে রাখুন, বাহু শরীর থেকে দূরে রাখুন। নবীজি (সা.) বলেছেন, ‘সিজদায় তোমার সাতটি অঙ্গ মাটিতে রাখো।’ (সহিহ বুখারি, হাদিস: ৮০৯)

তাশাহুদ ভুল বা বাদ দেওয়া

ভুল: তাশাহুদ দ্রুত বা ভুল উচ্চারণ করা বা এর অর্থের প্রতি মনোযোগ না দেওয়া।

সংশোধন: দ্বিতীয় রাকাতের পর তাশাহুদের অবস্থানে বসে ধীরে ধীরে পড়ুন, ‘আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’

অর্থাৎ সব মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। (বুখারি, হাদিস: ৬২৬৫)

কিবলার দিকে না পড়া

ভুল: অপরিচিত স্থানে ভুল দিকে নামাজ পড়া এবং পরিচিত স্থানে কিবলা কখনো যাচাই না করা।

সংশোধন: নামাজের সময় মক্কার কাবার দিকে মুখ করুন। কিবলার দিক নিশ্চিত করতে কিবলা কম্পাস বা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করুন। নবীজি (সা.) বলেছেন, ‘কিবলার দিকে মুখ করো। কারণ, এটি নামাজের শর্ত।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৫৫)

অপ্রয়োজনীয় নড়াচড়া করা

ভুল: নামাজে পোশাক ঠিক করা, ঠেস দিয়ে দাঁড়ানো, ফোন পকেটে আছে কি না চেক করা বা চুলকানোর মতো অপ্রয়োজনীয় নড়াচড়া করা।

সংশোধন: নামাজে নড়াচড়া কম করুন। খুব প্রয়োজন হলে দ্রুত ও শান্তভাবে করুন। ভুল হলে ‘সাহু সিজদাহ’ দিয়ে নামাজ শেষ করুন। নবীজি (সা.) বলেছেন, ‘নামাজে কথা বললে তা বাতিল হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৯২২)

 সঠিক স্থানে হাত না রাখা

ভুল: নামাজে অপ্রয়োজনীয় হাত তোলা বা রুকু, সিজদা বা বৈঠকে সঠিক স্থানে হাত না রাখা।

সংশোধন: শুধু সুন্নাহ অনুযায়ী নির্ধারিত স্থানে হাত তুলুন। কোন রোকন আদায় করার সময় কোথায় হাত কীভাবে রাখতে হবে, তা ভালোভাবে জেনে নিন। যেমন-তেমন করে হাত রাখা নামাজের অমনোযোগিতার প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘আমার মতো নামাজ পড়ো।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩১)

 খুশু-খুজু না থাকা

ভুল: দুনিয়াবি চিন্তা বা অর্থ না বোঝার কারণে নামাজে মনোযোগের অভাব।

সংশোধন: খুশু অর্থ ভয় ও খুজু অর্থ বিনয়। মনপ্রাণ আল্লাহর দিকে কেন্দ্রীভূত করে পড়াটাই নামাজের দাবি। পঠিত আয়াতের অর্থ চিন্তা করুন। মন ভ্রান্ত হলে ধীরে ধীরে তা ফিরিয়ে আনুন। আল্লাহ বলেন, ‘নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে।’ (সুরা মুমিনুন, ২৩:১-২)

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি পূর্ণ করতে আন্তরিকতা, মনোযোগ ও সঠিক জ্ঞান প্রয়োজন। সাধারণ ভুলগুলো সম্পর্কে সচেতন হয়ে এবং সেগুলো সংশোধনের চেষ্টা করে আপনি নামাজের গুণগত মান বাড়াতে ও আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন।

FAQ – শবে কদর নিয়ে কিছু বহুল আলোচিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ নামাজ পড়া কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃ নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান ইবাদত। এটি মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে এবং জীবনে শৃঙ্খলা ও শান্তি এনে দেয়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ।

প্রশ্নঃ  নামাজ না পড়লে কি গুনাহ হয়?

উত্তরঃ হ্যাঁ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তা বড় গুনাহ হিসেবে গণ্য হয়। তাই যত ব্যস্ততাই থাকুন, সময়মতো নামাজ পড়ার চেষ্টা করা উচিত।

প্রশ্নঃ নামাজ পড়ার আগে কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন?

উত্তরঃ নামাজের আগে অজু করা, শরীর ও কাপড় পরিষ্কার রাখা, কিবলামুখী হওয়া এবং মনে নিয়ত করা প্রয়োজন।

প্রশ্নঃ নামাজে মনোযোগ ধরে রাখার উপায় কী?

উত্তরঃ নামাজের অর্থ বোঝার চেষ্টা করা, ধীরে ধীরে পড়া এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতি মনে রাখা মনোযোগ বাড়াতে সাহায্য করে।

প্রশ্নঃ  ব্যস্ত জীবনে কীভাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত রাখা যায়?

উত্তরঃ নামাজের সময়ের জন্য আগে থেকেই ছোট পরিকল্পনা করা, ফোনে রিমাইন্ডার রাখা এবং কাজের মাঝেও কয়েক মিনিট সময় বের করা অভ্যাস করলে নিয়মিত নামাজ পড়া সহজ হয়।

প্রশ্নঃ নামাজ কি বাংলায় পড়া যাবে?

উত্তরঃ নামাজের ভেতরের কুরআনের অংশগুলো আরবিতেই পড়তে হয়। তবে এর অর্থ বাংলা বা অন্য ভাষায় বুঝে নেওয়া ভালো, এতে মনোযোগ বাড়ে।

প্রশ্নঃ জামাতে নামাজ পড়ার গুরুত্ব কী?

উত্তরঃ জামাতে নামাজ পড়লে একসাথে ইবাদত করা হয় এবং এর সওয়াব একা নামাজ পড়ার তুলনায় অনেক বেশি।

প্রশ্নঃ নামাজে ভুল হলে কী করতে হবে?

উত্তরঃ নামাজে ছোট কোনো ভুল হলে শেষে সিজদায়ে সাহু করা যায়। আর যদি গুরুতর ভুল হয়, তাহলে নামাজ আবার পড়া উত্তম।

প্রশ্নঃ কোন সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ?

উত্তরঃ সূর্য ওঠার  সময়, সূর্য মাথার ঠিক ওপর থাকা সময় এবং সূর্য ডোবার ঠিক আগে। এই সময়গুলোতে সাধারণত নামাজ পড়া নিষেধ।

প্রশ্নঃ নামাজ পড়লে মানুষের জীবনে কী পরিবর্তন আসে?

উত্তরঃ নামাজ মানুষের মধ্যে ধৈর্য, শৃঙ্খলা ও আত্মসংযম তৈরি করে। নিয়মিত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে।